আল্লাহর বৈশিষ্ট্য কেন মানুষের মতো?

সারকথা: কুরআন ও সহিহ হাদিসে আল্লাহর চেহারা, চোখ, দুই হাত, আঙুল, পা ও পায়ের নলার কথা আছে। তিনি সিংহাসনে বসেন, রাতে নিচে নেমে আসেন, রাগ করেন, হাসেন, খুশি হন, অবাক হন, প্রশংসা পছন্দ করেন। মুসলিম ধর্মতত্ত্ব এই ছবিকে সামলাতে হাজার বছর ধরে নানা ব্যাখ্যা দিয়েছে। এই লেখায় আমরা প্রশ্ন করব: এমন ছবি কেন তৈরি হলো? মনোবিজ্ঞান ও দর্শনের আলোয় দেখাব, মানুষের মন যখন কোনো অদেখা সত্তাকে ভাবতে যায়, তখন তার হাতে নিজের ছাঁচ ছাড়া আর কিছু থাকে না। তাই আল্লাহর ছবিতে মানুষের শরীর আর মানুষের আচরণ ফুটে ওঠে। আল্লাহর এই নির্দিষ্ট ছবিটা কার হাতের কাজ বলে মনে হয়?

সূচিপত্র

ভূমিকা

একটা বাচ্চাকে কাগজ-কলম দিয়ে বলুন, “আল্লাহকে আঁকো তো।” মুসলিম পরিবারের বাচ্চা থমকে যাবে। সে শিখেছে, আল্লাহকে আঁকা যায় না।

এবার অন্যভাবে জিজ্ঞেস করুন। “আল্লাহ কি তোমার কথা শোনেন? রাগ করেন? খুশি হন? তিনি থাকেন কোথায়?” এবার সে আটকাবে না। শোনেন। রাগ করেন। খুশি হন। থাকেন অনেক ওপরে, আকাশের ওপারে, বিরাট এক সিংহাসনে।

কাগজে ছবি আঁকা নিষেধ। কিন্তু মনের ভেতরে ছবিটা ঠিকই আঁকা হয়ে গেছে। আর খেয়াল করলে দেখবেন, ছবিটা একজন মানুষের। বিশাল, ক্ষমতাবান, চোখে দেখা যায় না, কিন্তু আকৃতিটা বড় সাইজের একটা মানুষের মতো।

প্রায় আড়াই হাজার বছর আগে গ্রিক কবি-দার্শনিক জেনোফেনিস ঠিক এই ব্যাপারটা ধরেছিলেন। তিনি লিখেছিলেন, ইথিওপিয়ার লোকেরা বলে তাদের দেবতা কালো আর চ্যাপ্টা নাকের; থ্রেসের লোকেরা বলে তাদের দেবতার চোখ নীল, চুল লাল। আর ঘোড়া বা গরুর যদি হাত থাকত, ছবি আঁকতে পারত, তাহলে তাদের দেবতাও দেখতে হতো ঘোড়া আর গরুর মতো (Xenophanes, DK 21 B15–B16)।

পর্ব ১: কুরআন/হাদিস কী বলে?

১.১ শরীর

চেহারা। কুরআন বলছে, সবকিছু ধ্বংস হবে, শুধু থেকে যাবে “তোমার প্রভুর চেহারা (ওয়াজহ)” (সূরা আর-রহমান ৫৫:২৭)। আরেক জায়গায়: “তাঁর চেহারা ছাড়া সবকিছু ধ্বংসশীল” (সূরা আল-কাসাস ২৮:৮৮)। অনেক অনুবাদক এখানে “চেহারা” না লিখে “সত্তা” লেখেন। কিন্তু আরবি শব্দটা ওয়াজহ, যার সাধারণ অর্থ মুখমণ্ডল। অনুবাদ বদলানোটাই বলে দেয়, আক্ষরিক অর্থটা অস্বস্তিকর ঠেকেছে।

চোখ। নূহকে বলা হচ্ছে, “আমার চোখের সামনে নৌকা বানাও” (সূরা হূদ ১১:৩৭)। মুহাম্মদকে বলা হচ্ছে, “তুমি আমার চোখের সামনেই আছ” (সূরা আত-তূর ৫২:৪৮)। মূসাকে বলা হচ্ছে, “যাতে তুমি আমার চোখের সামনে বেড়ে ওঠো” (সূরা তা-হা ২০:৩৯)। এসব আয়াতে চোখ শব্দটা রূপক হিসেবে পড়া সম্ভব, এটা মানতেই হবে।

কিন্তু একটা হাদিস এই রূপক পাঠকে কঠিন করে দেয়। দাজ্জালের কথা উঠলে মুহাম্মদ বললেন, “আল্লাহ তোমাদের কাছে গোপন নন। তিনি এক-চোখা নন।” বলার সময় তিনি নিজের চোখের দিকে হাত দিয়ে ইশারা করলেন। তারপর বললেন, দাজ্জালের ডান চোখ কানা, যেন ফুলে ওঠা আঙুর (সহিহ বুখারী ৭৪০৭)।

এখানে লক্ষ করার বিষয়টা সূক্ষ্ম। আল্লাহকে চেনার পরীক্ষা দেওয়া হচ্ছে একটা শারীরিক খুঁত দিয়ে: যার একটা চোখ নষ্ট, সে আল্লাহ হতে পারে না। আর বোঝানোর জন্য মুহাম্মদ নিজের শরীরকেই মাপকাঠি বানালেন। চোখ যদি নিছক “তত্ত্বাবধানের” রূপক হয়, তাহলে “এক-চোখা নন” কথাটার কোনো অর্থ দাঁড়ায় না।

দুই হাত। ইবলিসকে আল্লাহ বলছেন, “আমি যাকে আমার দুই হাতে বানালাম, তাকে সিজদা করতে তোমাকে কিসে আটকাল?” (সূরা সাদ ৩৮:৭৫)। আরবিতে শব্দটা দ্বিবচন: বিয়াদাইয়্যা, দুই হাত দিয়ে। ইহুদিরা বলেছিল আল্লাহর হাত বাঁধা। জবাবে কুরআন বলছে, “বরং তাঁর দুই হাতই খোলা, যেভাবে ইচ্ছা খরচ করেন” (সূরা আল-মায়িদাহ ৫:৬৪)। কিয়ামতের দিন “সারা পৃথিবী থাকবে তাঁর মুঠোয়, আর আকাশগুলো গুটানো থাকবে তাঁর ডান হাতে” (সূরা আয-যুমার ৩৯:৬৭)।

হাদিস আরও খুঁটিনাটি দেয়। আল্লাহর হাত ভরা, দিনরাত খরচেও তা কমে না; আর “তাঁর অন্য হাতে দাঁড়িপাল্লা, যা তিনি নামান আর তোলেন” (সহিহ বুখারী ৭৪১১; সহিহ মুসলিম ৯৯৩)। সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহ আকাশগুলো গুটিয়ে ডান হাতে নেবেন, আর পৃথিবীগুলো গুটিয়ে নেবেন বাম হাতে (বিশিমালিহি) (সহিহ মুসলিম ২৭৮৮)।

আঙুল। “আদম সন্তানদের সব হৃদয় দয়াময়ের আঙুলগুলোর মধ্যে দুটি আঙুলের মাঝখানে, একটা হৃদয়ের মতো; তিনি যেভাবে ইচ্ছা ঘোরান” (সহিহ মুসলিম ২৬৫৪; আরও দেখুন জামে তিরমিযী ২১৪০)।

পা। জান্নাত আর জাহান্নাম তর্ক করে। জাহান্নাম ভরে না, “যতক্ষণ না আল্লাহ তাতে তাঁর পা রাখেন। তখন সে বলে, ‘যথেষ্ট, যথেষ্ট!’ তখন সে ভরে যায়, তার এক অংশ আরেক অংশের দিকে গুটিয়ে আসে” (সহিহ বুখারী ৪৮৫০; সহিহ মুসলিম ২৮৪৬)। খেয়াল করুন, পা রাখার একটা শারীরিক ফল আছে: জায়গাটা ভরে যায়, চেপে আসে।

পায়ের নলা ও আকৃতি। কুরআনে আছে, “যেদিন নলা উন্মুক্ত করা হবে” (সূরা আল-কলম ৬৮:৪২)। আয়াতে কার নলা তা বলা নেই, আর ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে এর মানে কঠিন বিপদের দিন (তাবারী, জামিউল বায়ান, ৬৮:৪২)। কিন্তু সহিহ বুখারীর একটা দীর্ঘ হাদিসে বিষয়টা পরিষ্কার। কিয়ামতের দিন আল্লাহ ঈমানদারদের কাছে আসবেন “সেই আকৃতি ছাড়া অন্য এক আকৃতিতে, যেটায় তারা তাঁকে প্রথমবার দেখেছিল”। তারা জানতে চাইবে চেনার চিহ্ন কী। উত্তর: নলা। “তখন তিনি তাঁর নলা উন্মুক্ত করবেন, আর প্রত্যেক মুমিন সিজদায় পড়বে” (সহিহ বুখারী ৭৪৩৯; সহিহ মুসলিম ১৮৩)।

এখানে তিনটি মানবীয় ধারণা একসঙ্গে: আল্লাহর একাধিক আকৃতি আছে, সেই আকৃতি বদলায়, আর তাঁকে চেনা যায় শরীরের একটা নির্দিষ্ট অংশ দেখে।

আদম তাঁর আকৃতিতে। “আল্লাহ আদমকে তাঁর আকৃতিতে বানিয়েছেন, তার উচ্চতা ছিল ষাট হাত” (সহিহ বুখারী ৬২২৭; সহিহ মুসলিম ২৮৪১)। এখানে “তাঁর” সর্বনাম আল্লাহকে বোঝায় নাকি আদমকে, তা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে, এটা ন্যায্যভাবে স্বীকার করা দরকার। তবে বাইবেলের “ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করলেন” (আদিপুস্তক ১:২৭) কথাটার সঙ্গে এর মিল চোখ এড়ানোর মতো নয়।

১.২ জায়গা, উচ্চতা আর চলাফেরা

একটা শরীর থাকলে তাকে কোথাও থাকতে হয়। উৎসগুলোতে আল্লাহর একটা ঠিকানা আছে।

  • সিংহাসনে। “দয়াময় আরশের ওপর উঠে বসলেন (ইস্তাওয়া)” (সূরা তা-হা ২০:৫; সূরা আল-আরাফ ৭:৫৪)। কিয়ামতের দিন “আটজন তোমার প্রভুর আরশ মাথার ওপর বহন করবে” (সূরা আল-হাক্কাহ ৬৯:১৭)। ফেরেশতারা আরশ ঘিরে চক্কর দেয় (সূরা আয-যুমার ৩৯:৭৫)।
  • নিচে নামা। “আমাদের প্রভু প্রতি রাতে, রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে, নিকটতম আকাশে নেমে আসেন, আর বলেন: কে আছে আমাকে ডাকবে, আমি সাড়া দেব?” (সহিহ বুখারী ১১৪৫; সহিহ মুসলিম ৭৫৮)। নামতে হলে ওপরে থাকতে হয়। আর পৃথিবী গোল বলে “রাতের শেষ তৃতীয়াংশ” কোথাও না কোথাও সবসময় চলছে। এই সমস্যা নিয়ে পরের যুগের আলেমদের মাথা ঘামাতে হয়েছে; ইবনে তাইমিয়া এ আপত্তির জবাবে আলাদা একটা পুস্তিকাই লিখেছেন (ইবনে তাইমিয়া, শারহু হাদীসিন নুযূল)।
  • আসা। “আর তোমার প্রভু আসবেন, আর ফেরেশতারা সারি বেঁধে” (সূরা আল-ফাজর ৮৯:২২; আরও দেখুন ২:২১০)।
  • হেঁটে-দৌড়ে। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, বান্দা এক বিঘত কাছে এলে আমি এক হাত কাছে যাই, “আর সে যদি আমার কাছে হেঁটে আসে, আমি তার কাছে দৌড়ে যাই” (সহিহ বুখারী ৭৪০৫; সহিহ মুসলিম ২৬৭৫)। এটা যে উপমা, তা প্রায় সবাই মানেন। কিন্তু উপমাটা বানানো হয়েছে মানুষের চলাফেরা দিয়েই।
  • আরশ কেঁপে ওঠা। সাহাবি সাদ ইবনে মুআযের মৃত্যুতে “দয়াময়ের আরশ কেঁপে উঠেছিল” (সহিহ বুখারী ৩৮০৩; সহিহ মুসলিম ২৪৬৬)। আরশ নিশ্চয়ই কোনো বস্তু, তা না হলে কেঁপে উঠল কিভাবে?

মজার ব্যাপার হলো আল্লাহর যেহেতু আরশ আছে, সিংহাসন আছে, সেটা আবার ফেরেশতারা বহন করে, তাহলে আল্লাহর নিতম্বও নিশ্চয়ই আছে, তা না হলে বসবে কিভাবে?

১.৩ আরশ: একজন রাজার সিংহাসন

আল্লাহর মানবরূপ ছবিটা সবচেয়ে গোছানো চেহারা পেয়েছে আরশের বর্ণনায়। তাই এবার আরশকে একটু কাছ থেকে দেখা যাক।

শব্দটার মানে। আরবিতে আরশ মানে রাজসিংহাসন। এটা আমাদের অনুমান নয়; কুরআন নিজেই শব্দটা মানুষ রাজা-রানিদের জন্য ব্যবহার করেছে। ইউসুফ তাঁর বাবা-মাকে “আরশের ওপর তুলে বসালেন” (সূরা ইউসুফ ১২:১০০)। হুদহুদ পাখি সাবার রানির খবর দিতে গিয়ে বলছে, “তার আছে এক বিশাল আরশ (আরশুন আযীম)” (সূরা আন-নামল ২৭:২৩)। আর মাত্র তিন আয়াত পরে প্রায় একই শব্দে আল্লাহর বর্ণনা: “তিনি বিশাল আরশের প্রভু (রাব্বুল আরশিল আযীম)” (সূরা আন-নামল ২৭:২৬)। একটু পরে সুলাইমান জানতে চান, কে রানির আরশ এনে দিতে পারবে (সূরা আন-নামল ২৭:৩৮)।

একই শব্দ, একই বিশেষণ। একটা মানুষ রাজার সিংহাসন, আরেকটা আল্লাহর সিংহাসন। পার্থক্য শুধু আকারে আর মালিকে।

আরশের পাশে আছে কুরসী: “তাঁর কুরসী আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে বিস্তৃত” (সূরা আল-বাকারা ২:২৫৫)। আরবিতে কুরসী মানে সাধারণ চেয়ার বা আসন। ইবনে আব্বাসের একটা প্রসিদ্ধ ব্যাখ্যায় কুরসী হলো আল্লাহর দুই পা রাখার জায়গা। এটা মুহাম্মদের কথা নয়, ইবনে আব্বাসের নিজের উক্তি; হাকিম ও যাহাবী একে সহিহ বলেছেন (আল-হাকিম, আল-মুসতাদরাক ২/২৮২)।

আরশ কোথায়। সৃষ্টির আগে: “তিনিই ছয় দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর তাঁর আরশ ছিল পানির ওপর” (সূরা হূদ ১১:৭)। আর এখন: জান্নাতের সবচেয়ে উঁচু স্তর ফিরদাউস, “আর তার ওপরে দয়াময়ের আরশ” (সহিহ বুখারী ৭৪২৩)। মানে আরশের একটা ঠিকানা আছে, ওপর-নিচ আছে, আর তার নিচে একটা ছাদের মতো জান্নাত। কিন্তু পানির ওপর থেকে আরশ আসমানে কিভাবে উঠল সেই বর্ণনা কোথাও পাওয়া যায় না।

বহনকারী। একটা রাজসিংহাসন নিজে নিজে ভাসে না, তাকে কাঁধে বইতে হয়, পালকির মতো। আরশেরও বাহক আছে: “যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তারা তাদের প্রভুর প্রশংসাসহ তাসবিহ পড়ে এবং তাঁর প্রতি ঈমান রাখে” (সূরা গাফির/আল-মুমিন ৪০:৭)। কিয়ামতের দিন “আটজন তোমার প্রভুর আরশ তাদের ওপরে বহন করবে” (সূরা আল-হাক্কাহ ৬৯:১৭)। ইবনে কাসীরসহ বহু মুফাসসিরের মতে এখন বাহক চারজন, কিয়ামতের দিন হবে আটজন (ইবনে কাসীর, তাফসীরুল কুরআনিল আযীম ৭/১৩০)।

বাহকদের আকার কেমন? মুহাম্মদ বলছেন, আরশ বহনকারী এক ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব সাতশো বছরের পথ (সুনান আবু দাউদ ৪৭২৭; আলবানীর মতে সহিহ)।

আর আকৃতি? জাহেলি যুগের কবি উমাইয়া ইবনে আবিস সালতের দুটি পঙক্তি শুনে মুহাম্মদ বলেছিলেন, “সে সত্য বলেছে”। পঙক্তি দুটি এরকম: “একজন মানুষ আর একটা ষাঁড় তাঁর ডান পায়ের নিচে, আরেক পায়ের নিচে ঈগল, আর ওত পেতে থাকা এক সিংহ” (মুসনাদ আহমাদ ২৩১৪; সুনান আদ-দারিমী ২৭৪৫)। এর সনদ নিয়ে মতভেদ আছে: ইবনে কাসীর একে “জাইয়িদ” আর আহমদ শাকির সহিহ বলেছেন, কিন্তু বর্ণনাকারী মুহাম্মদ ইবনে ইসহাক শোনার কথা স্পষ্ট না বলে (আনআনা) বর্ণনা করায় অনেক মুহাক্কিক একে দুর্বল বলেন। ইমাম বাইহাকী ইবনে আব্বাস থেকে আরেকটা বর্ণনা উল্লেখ করেছেন, যাতে কুরসী বহন করে চার ফেরেশতা: একজন মানুষের আকৃতিতে, একজন সিংহের, একজন ষাঁড়ের, আর একজন ঈগলের (বাইহাকী, আল-আসমা ওয়াস-সিফাত ২/২০৬)।

আওয়ালের হাদিস। সবচেয়ে বিস্তারিত ছবিটা আছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের নামে বর্ণিত একটা হাদিসে। মাথার ওপর দিয়ে মেঘ যাচ্ছিল, মুহাম্মদ তা দেখিয়ে আকাশগুলোর দূরত্ব বর্ণনা করলেন। তারপর বললেন, সপ্তম আকাশের ওপরে একটা সাগর; সাগরের ওপরে আটটি আওয়াল (পাহাড়ি ছাগল), যাদের খুর থেকে হাঁটু পর্যন্ত এক আকাশ থেকে আরেক আকাশের সমান দূরত্ব; তাদের পিঠের ওপর আরশ, আর আরশের ওপরে আল্লাহ (সুনান আবু দাউদ ৪৭২৩; সুনান ইবনে মাজাহ ১৯৩; জামে তিরমিযী ৩৩২০)। তবে এই হাদিস দুর্বল (যঈফ): আলবানী ও দারুসসালাম দুজনেই একে যঈফ বলেছেন। তাই এটাকে ইসলামের প্রতিষ্ঠিত শিক্ষা বলা যাবে না। এটা যা দেখায় তা হলো, প্রথম যুগের মুসলিম সমাজে আরশ নিয়ে কোন ধরনের ছবি ঘুরে বেড়াত।

এই ছবি থেকে তিনটা প্রশ্ন।

  1. বাহক কেন লাগে? কুরআনের আল্লাহ কিছু চাইলে শুধু বলেন “হও”, আর তা হয়ে যায় (সূরা ইয়াসীন ৩৬:৮২)। তিনিই আকাশ আর পৃথিবীকে ধরে রাখেন যাতে টলে না যায় (সূরা ফাতির ৩৫:৪১)। তাহলে তাঁর আসন বয়ে নিতে ফেরেশতা লাগে কেন? আলেমদের সবচেয়ে শক্ত জবাব হলো, আল্লাহ আরশ বা তার বাহকদের মুখাপেক্ষী নন; আরশ বহন করা ফেরেশতাদের ইবাদত, আল্লাহর প্রয়োজন নয় (ইবনে তাইমিয়া, আর-রিসালা আল-আরশিয়্যা)। জবাবটা যুক্তির দিক থেকে টেকে না। একজন অমুখাপেক্ষী সত্তার মর্যাদা বোঝাতে যে ছবিটা বাছা হলো, সেটা কাঁধে পালকি বয়ে নেওয়া এক রাজার ছবি।
  2. অসীমকে কীভাবে দেখানো হলো? লক্ষ করুন, আরশের বিশালতা বোঝানো হয়েছে মাপ দিয়ে: সাতশো বছরের পথ, এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব, পানির ওপর সিংহাসন। মানুষের মন অসীম কল্পনা করতে পারে না; সে শুধু চেনা জিনিসকে বড় করতে পারে। একটা চেনা রাজা, একটা চেনা সিংহাসন, চেনা বাহক, তারপর সবকিছু অবিশ্বাস্য রকম বড়। পর্ব ৩-এ আমরা দেখব, মানুষের মন ঠিক এভাবেই অতিপ্রাকৃত ধারণা বানায়।
  3. বাহকেরা দেখতে এমন কেন? মানুষ, সিংহ, ষাঁড় আর ঈগল। এই চারটি প্রাণী ইসলামের আগের ধর্মগ্রন্থেই ঈশ্বরের সিংহাসনের পাশে ছিল। পর্ব ৩.৫-এ সেই সূত্র আলাদা করে দেখানো হয়েছে।

১.৪ মন, আবেগ আর আচরণ

শরীরের চেয়েও বেশি মানবীয় হলো আল্লাহর আচরণের বর্ণনা।

আবেগ বা আচরণউৎসকী বলা হয়েছে
রাগসূরা আল-ফাতিহা ১:৭; সহিহ বুখারী ৪৭১২; সহিহ মুসলিম ১৯৪কিয়ামতের দিন নবীরা একে একে বলবেন, “আমার প্রভু আজ এমন রাগ করেছেন, যেমন আগে কখনো করেননি, পরেও করবেন না”
হাসিসহিহ বুখারী ২৮২৬; সহিহ মুসলিম ১৮৯০দুজন লোক, একজন আরেকজনকে খুন করে, দুজনেই জান্নাতে যায়; “আল্লাহ তাদের দিকে চেয়ে হাসেন”
খুশিসহিহ বুখারী ৬৩০৯; সহিহ মুসলিম ২৭৪৭মরুভূমিতে উট হারিয়ে ফিরে পাওয়া লোকটা যতটা খুশি হয়, বান্দার তওবায় আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন
বিস্ময়সহিহ বুখারী ৩০১০“আল্লাহ অবাক হন” সেই লোকদের দেখে যারা শিকলে বাঁধা অবস্থায় জান্নাতে ঢোকে
আত্মমর্যাদাবোধ/ঈর্ষা (গাইরাহ)সহিহ বুখারী ৫২২৩; সহিহ মুসলিম ২৭৬১“আল্লাহর গাইরাহ আছে”, মুমিন নিষিদ্ধ কাজ করলে তা জেগে ওঠে
প্রশংসা পছন্দসহিহ বুখারী ৪৬৩৪; সহিহ মুসলিম ২৭৬০“প্রশংসা আল্লাহর চেয়ে বেশি কারো প্রিয় নয়, তাই তিনি নিজেই নিজের প্রশংসা করেছেন”
ভালোবাসাসূরা আল-মায়িদাহ ৫:৫৪“তিনি তাদের ভালোবাসেন, তারাও তাঁকে ভালোবাসে”
ঠাট্টা ও কৌশলসূরা আল-বাকারা ২:১৫; সূরা আলে ইমরান ৩:৫৪“আল্লাহ তাদের সঙ্গে ঠাট্টা করেন”; “তারা চাল চালল, আল্লাহও চাল চাললেন; আল্লাহ সেরা চালবাজ”
ভুলে যাওয়াসূরা আত-তাওবা ৯:৬৭; তুলনীয় সূরা মারইয়াম ১৯:৬৪“তারা আল্লাহকে ভুলে গেছে, তাই তিনিও তাদের ভুলে গেছেন” (অথচ ১৯:৬৪-তে: “তোমার প্রভু ভোলেন না”)

এই তালিকার রাগের হাদিসটা দর্শনের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। “আজ এমন রাগ, যা আগে কখনো হয়নি” মানে আল্লাহর ভেতরে সময়ের সঙ্গে একটা পরিবর্তন ঘটছে। গতকাল তিনি এই মাত্রায় রাগী ছিলেন না, আজ আছেন। এটা মানুষের মেজাজের বর্ণনা। আমরা পরে দেখব, এই ধারণা “অপরিবর্তনীয় ঈশ্বর” ধারণার সঙ্গে ঠোকর খায়।

খুশির হাদিসটাও লক্ষ করার মতো। আল্লাহর খুশি বোঝাতে উপমা আনা হয়েছে সপ্তম শতকের আরবের সবচেয়ে চেনা দৃশ্য থেকে: মরুভূমিতে খাবার-পানিসহ উট হারিয়ে মরতে বসা একজন মানুষ। ঈশ্বরের আবেগ মাপা হচ্ছে একজন বেদুইনের আবেগ দিয়ে।

পর্ব ২: পাল্টা যুক্তি এবং তার সমস্যা

২.১ আল্লাহর মানুষের মতো আকৃতি কি রূপক অর্থে বলা হয়েছে?

আলেমদের বড় একটা অংশ বলেন, এসব শব্দ রূপক: হাত মানে ক্ষমতা, চোখ মানে তত্ত্বাবধান, নেমে আসা মানে রহমত নেমে আসা। ভালো কথা। কিন্তু তাহলে ক্ষমতার ডান আর বাম কেন লাগে (সহিহ মুসলিম ২৭৮৮)? “এক-চোখা নন” বলার সময় মুহাম্মদ নিজের চোখের দিকে আঙুল তুললেন কেন (সহিহ বুখারী ৭৪০৭)? জাহান্নামে “পা রাখলে” সেটা ভরে গিয়ে চেপে আসে কেন (সহিহ বুখারী ৪৮৫০)? “অন্য আকৃতিতে আসা” আর “নলা খুলে চেনানো” কোন রূপকের অংশ (সহিহ বুখারী ৭৪৩৯)? আর বুকের মধ্যে আঙুলের শীতলতা টের পাওয়া কোন বিমূর্ত ক্ষমতার বর্ণনা (জামে তিরমিযী ৩২৩৫)? রূপক যত খুঁটিনাটি পায়, তত সেটা আর রূপক থাকে না, বর্ণনা হয়ে যায়।

আকৃতি আছে, কিন্তু কেমন তা আমরা জানি না, এ কথা বলাটা সবচেয়ে চতুর পথ। কিন্তু এখানে ভাষার একটা মৌলিক প্রশ্ন ওঠে। দার্শনিক লুডভিগ ভিটগেনস্টাইন দেখিয়েছিলেন, অধিকাংশ ক্ষেত্রে একটা শব্দের অর্থ হলো ভাষায় তার ব্যবহার (Wittgenstein, Philosophical Investigations, §43)। “হাত” শব্দটা আমরা বুঝি কারণ এর সঙ্গে জড়িয়ে আছে আকার, অবস্থান, আঙুল, ধরা, ছোঁয়া। এখন যদি বলা হয় আল্লাহর হাত আছে, কিন্তু তার আকার নেই, অবস্থান নেই, তা কোনো অঙ্গ নয়, আমাদের জানা কোনো অর্থে তা ধরে না, তাহলে শব্দটা আর কী বহন করছে?

একটা তুলনা ভাবুন। কেউ বলল, “আমার একটা গাড়ি আছে। তবে এর চাকা নেই, ইঞ্জিন নেই, আকার নেই, এটা চলে না, কোথাও রাখা নেই।” আপনি বলবেন, তাহলে “গাড়ি” বলছ কেন?

এই অবস্থানের আসল সমস্যা এখানে: খুঁটিনাটি যোগ হতে থাকলে “কেমন জানি না” বলার জায়গা কমতে থাকে। শুধু “হাত” বললে না-হয় অজানা রাখা গেল। কিন্তু দুই হাত, তার একটা ডান আর একটা বাম, একটায় দাঁড়িপাল্লা যা ওঠানামা করে, মুঠো করা যায়, আঙুল আছে যার শীতলতা বুকে টের পাওয়া যায়। প্রতিটা বাড়তি তথ্য মানুষের শরীরের একটা বৈশিষ্ট্য ফিরিয়ে আনে। “কেমন জানি না” বলতে বলতে আমরা আসলে অনেক কিছু জেনে ফেলেছি, আর যা জেনেছি তা মানুষের মতো।

২.২ “তাঁর মতো কিছু নেই” আয়াতের ভেতরেও মানুষ

পাল্টা যুক্তির সবচেয়ে বড় ভরসা সূরা আশ-শূরা ৪২:১১। কিন্তু আয়াতটা পুরো পড়ুন: “তাঁর মতো কিছুই নেই, আর তিনি সব শোনেন, সব দেখেন।” সাদৃশ্য অস্বীকারের ঠিক পরের বাক্যেই আল্লাহকে বর্ণনা করা হচ্ছে দুটি মানবীয় ইন্দ্রিয় দিয়ে: শোনা আর দেখা। ঈশ্বরকে “অতুলনীয়” বলতে গিয়েও তুলনার উপকরণ নিতে হচ্ছে মানুষের শরীর থেকে। এটা কোনো দোষ ধরার জন্য বলছি না। এটা দেখায় যে মানুষের ভাষা-মনের বাইরে বেরোনোর কোনো দরজা নেই। পরের পর্বে আমরা ঠিক এই বিষয়টার বৈজ্ঞানিক দিক দেখব।

পর্ব ৩: মানুষের মন কীভাবে ঈশ্বরের আকৃতি বানায়

গত তিরিশ বছরে ধর্মের জ্ঞানীয় বিজ্ঞান (cognitive science of religion) নামে মনোবিজ্ঞানের একটা পুরো শাখা গড়ে উঠেছে। এর গবেষকদের মধ্যে আস্তিক-নাস্তিক দুই-ই আছেন। তাঁদের মূল প্রশ্ন: মানুষের মস্তিষ্ক যেভাবে কাজ করে, তা থেকে কি অনুমান করা যায় মানুষ ঈশ্বরকে কেমন করে ভাববে? উত্তর হলো, হ্যাঁ, আর অনুমানগুলো চমকে দেওয়ার মতো মিলে যায়।

৩.১ অন্ধকারে কেউ কি আছে?

রাতে বাঁশঝাড়ে খসখস শব্দ। আপনার প্রথম চিন্তা কী? “বাতাস” নাকি “কেউ আছে”? প্রায় সবার প্রথম চিন্তা, কেউ আছে।

নৃবিজ্ঞানী স্টুয়ার্ট গাথরি এর একটা বিবর্তনীয় ব্যাখ্যা দিয়েছিলেন (Guthrie, 1993)। বাতাসকে ভুল করে মানুষ ভাবলে ক্ষতি সামান্য: একটু ভয় পেলেন, ব্যস। কিন্তু একটা চিতাবাঘকে ভুল করে বাতাস ভাবলে আপনি মারা যাবেন। তাই প্রাকৃতিক নির্বাচন এমন মস্তিষ্কের পক্ষে গেছে, যা সন্দেহ হলেই ধরে নেয় “কেউ একজন আছে”, আর সেই কেউ একজন আমার মতো উদ্দেশ্যওয়ালা কেউ। মনোবিজ্ঞানী জাস্টিন ব্যারেট এর নাম দিয়েছেন অতিসক্রিয় এজেন্ট শনাক্তকরণ যন্ত্র (Hyperactive Agency Detection Device) সংক্ষেপে HADD (Barrett, 2000)।

এর ফল কী? যখন কোনো বড় ঘটনার কারণ জানা থাকে না (খরা, বন্যা, অসুখ, বিশ্বের শুরু), মন স্বাভাবিকভাবে একজন কর্তা খোঁজে। আর মনের কাছে কর্তার একটাই নমুনা আছে: সেটা হলো মানুষ।

৩.২ মন-পড়ার যন্ত্র ঈশ্বরকেও পড়ে

আমরা প্রতিদিন অন্যের মন আন্দাজ করি: ও কী চায়, কী ভাবছে, রেগে আছে কিনা। এই ক্ষমতাকে মনোবিজ্ঞানে বলে থিওরি অব মাইন্ড। মস্তিষ্কের নির্দিষ্ট কিছু এলাকা এই কাজটা করে।

ডেনমার্কের আরহুস বিশ্ববিদ্যালয়ের গবেষক উফে শিওট ও সহকর্মীরা একটা পরীক্ষা করেন (Schjoedt et al., 2009)। তাঁরা গভীরভাবে ধার্মিক খ্রিস্টানদের মস্তিষ্ক এফএমআরআই যন্ত্রে স্ক্যান করেন চারটা অবস্থায়: মুখস্থ প্রার্থনা পড়া, নিজের ভাষায় ঈশ্বরের সঙ্গে কথা বলা, ছড়া আবৃত্তি করা, আর সান্তা ক্লজের কাছে উপহার চাওয়া। ফলাফল: নিজের ভাষায় ঈশ্বরের সঙ্গে কথা বলার সময় মস্তিষ্কের ঠিক সেই এলাকাগুলো সক্রিয় হলো, যেগুলো একজন জীবন্ত মানুষের সঙ্গে কথা বলার সময় হয়। গবেষকদের ভাষায়, প্রার্থনা হলো “স্বাভাবিক মানুষে-মানুষে আলাপের” মতো একটা অভিজ্ঞতা।

মানে, মস্তিষ্ক ঈশ্বরকে প্রক্রিয়া করে একজন মানুষ হিসেবে। এর জন্য আলাদা কোনো “ঈশ্বর-যন্ত্র” মস্তিষ্কে নেই। আছে মানুষকে বোঝার যন্ত্র, সেটাই ঈশ্বরের কাজে লাগানো হয়।

৩.৩ সম্পর্কের ছাঁচ: রাজা, দরবার আর অভিভাবক

মনোবিজ্ঞানী লি কার্কপ্যাট্রিক দেখিয়েছেন, বিশ্বাসীরা ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক গড়েন, তা শিশুর সঙ্গে মা-বাবার সংযুক্তির (attachment) নকশা অনুসরণ করে: বিপদে আশ্রয়, ভয়ে নিরাপদ ঘাঁটি (Kirkpatrick, 2005)। কিন্তু শুধু পরিবার নয়, সমাজের ক্ষমতার কাঠামোও ঈশ্বরের ছবিতে ঢোকে।

সপ্তম শতকের আরব জানত পারস্যের খসরু আর রোমের কায়সারকে, হাবশার নাজাশিকে। রাজা মানে সিংহাসন, দরবার, সভাসদ, খাতা-লেখক, অনুমতি ছাড়া কথা বলার নিষেধ। এবার ইসলামি উৎসে আল্লাহর জগৎ দেখুন:

মানুষের রাজদরবারইসলামি বর্ণনায় আল্লাহউৎস
সিংহাসনআরশ, যার ওপর তিনি উঠে বসেনসূরা তা-হা ২০:৫
সিংহাসন বহনকারীআটজন আরশ বহন করবেসূরা আল-হাক্কাহ ৬৯:১৭
দরবারে সারিবদ্ধ সভাসদফেরেশতারা আরশ ঘিরে থাকে; সারি বেঁধে আসেসূরা আয-যুমার ৩৯:৭৫; সূরা আল-ফাজর ৮৯:২২
সভাসদদের আলোচনা“ওপরের দরবার” (মালাউল আলা) কী নিয়ে তর্ক করছেজামে তিরমিযী ৩২৩৫
হিসাবরক্ষক, খাতা-লেখকপ্রত্যেকের সঙ্গে লিপিকার ফেরেশতাসূরা কাফ ৫০:১৮; সূরা আল-ইনফিতার ৮২:১০–১১
রাজার সামনে সুপারিশে অনুমতি লাগে“তাঁর অনুমতি ছাড়া কে তাঁর কাছে সুপারিশ করবে?”সূরা আল-বাকারা ২:২৫৫
রাজার প্রশংসা শোনার ভালোবাসাপ্রশংসা তাঁর চেয়ে বেশি কারো প্রিয় নয়সহিহ বুখারী ৪৬৩৪
রাজার মর্যাদাহানিতে ক্রোধগাইরাহ; “আজ এমন রাগ যা আগে কখনো নয়”সহিহ বুখারী ৫২২৩, ৪৭১২

এটা কাকতালীয় নয়। মানুষ ক্ষমতা কল্পনা করে নিজের দেখা ক্ষমতা দিয়ে। যে সমাজ রাজা-বাদশাহ দেখেছে, তার ঈশ্বর রাজার মতো। এই ধারণা আল্লাহর নামগুলোতেও ধরা পড়ে: আল-মালিক (রাজা), আল-জাব্বার (প্রবল প্রতাপশালী), আল-হাকাম (বিচারক), আল-গাফুর (ক্ষমাকারী)। প্রতিটা নাম মানুষের সমাজের একটা ভূমিকা।

৩.৪ মনে রাখার মতো অদ্ভুত

তাহলে প্রশ্ন আসে: পুরোপুরি বিমূর্ত, শরীরহীন, আবেগহীন ঈশ্বরের ধারণা কেন সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয় না?

নৃবিজ্ঞানী পাস্কাল বয়ার এর উত্তর দিয়েছেন (Boyer, 2001)। যে ধারণা মানুষের স্বাভাবিক প্রত্যাশা থেকে সামান্য সরে যায়, সেটাই সবচেয়ে ভালো মনে থাকে আর ছড়ায়। “একজন মানুষ, যাকে দেখা যায় না” বা “একজন রাজা, যিনি সব জানেন”: এগুলো মনে রাখা সহজ, কারণ বাকি সব মানুষের মতো, শুধু এক-দুটো জায়গায় অদ্ভুত। কিন্তু “এমন এক সত্তা যার স্থান নেই, কাল নেই, পরিবর্তন নেই, অংশ নেই, আবেগ নেই” এই ধারণা দিয়ে কোনো গল্প বলা যায় না, প্রার্থনা করা যায় না, ভয় বা ভালোবাসা জাগানো যায় না।

মনোবিজ্ঞানী অ্যান্ড্রু শটালম্যানের গবেষণা এর সঙ্গে মেলে (Shtulman, 2008; Shtulman & Lindeman, 2016)। শিশুরা ঈশ্বরকে শারীরিক বৈশিষ্ট্যও দেয়: খায়, ঘুমায়, দেখতে কেমন। বড়রা শিক্ষা পেয়ে শারীরিক বৈশিষ্ট্যগুলো অনেকটা ছেঁটে ফেলে, কিন্তু মানসিক বৈশিষ্ট্যগুলো রেখে দেয়: চিন্তা করেন, চান, অনুভব করেন। মানে শিক্ষা ঈশ্বরের ছবি থেকে শরীর সরাতে পারে, মানুষের মন সরাতে পারে না।

ইসলামের ইতিহাসেও ঠিক এই নকশা দেখা যায়। প্রথম যুগের উৎসে আল্লাহর শরীর আর মন দুটোই স্পষ্ট। পরে কালামশাস্ত্র শরীরটা রূপক বানিয়ে সরিয়ে দিল। কিন্তু ইচ্ছা, জ্ঞান, শ্রবণ, দর্শন, কথা বলা (আশআরিদের প্রসিদ্ধ সাত গুণ) রেখে দিল। প্রতিটাই মানুষের মনের একটা বৈশিষ্ট্য।

৩.৫ সব ঈশ্বরের একই নকশা

যদি মানবরূপ ঈশ্বর শুধু ইসলামে থাকত, তাহলে বলা যেত এটা ইসলামের নিজস্ব বৈশিষ্ট্য। কিন্তু তা নয়।

হিব্রু বাইবেলে ঈশ্বর বিকেলের ঠান্ডা হাওয়ায় বাগানে হাঁটেন (আদিপুস্তক ৩:৮); দানিয়েল দেখেন “প্রাচীন জন” সিংহাসনে বসে আছেন, তাঁর পোশাক বরফের মতো সাদা, মাথার চুল খাঁটি পশমের মতো (দানিয়েল ৭:৯)। গ্রিক জিউস রাগে বজ্র ছোড়েন। হিন্দু দেবতারা ক্রুদ্ধ হন, প্রেমে পড়েন, বাহনে চড়েন। আর এই প্রতিটা সমাজের ঈশ্বরের চেহারা সেই সমাজের মানুষের চেহারা, সেই সমাজের রাজার আচরণ।

আরশ-বহনকারীদের ছবিটা (পর্ব ১.৩) এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ইহুদি নবী যিহিষ্কেল এক দর্শনে ঈশ্বরের সিংহাসন দেখেন। তার নিচে চারটি জীব, প্রত্যেকের চারটি মুখ: মানুষের, সিংহের, ষাঁড়ের আর ঈগলের (যিহিষ্কেল ১:১০, ১:২৬)। ছয়শো বছর পরে বাইবেলের প্রকাশিত বাক্যে সিংহাসন ঘিরে আবার চার প্রাণী: একটি সিংহের মতো, একটি বাছুরের মতো, একটির মুখ মানুষের মতো, আর একটি উড়ন্ত ঈগলের মতো (প্রকাশিত বাক্য ৪:৬–৭)। আর ইসলামি বর্ণনায় আল্লাহর আরশ বা কুরসী বহন করে মানুষ, ষাঁড়, ঈগল আর সিংহের আকৃতির চার ফেরেশতা (মুসনাদ আহমাদ ২৩১৪; বাইহাকী, আল-আসমা ওয়াস-সিফাত ২/২০৬)।

যে কবির পঙক্তিতে এই ছবিটা ইসলামি সাহিত্যে ঢুকেছে, সেই উমাইয়া ইবনে আবিস সালত ছিলেন জাহেলি যুগের সেই আরব কবিদের একজন, যাঁরা ইহুদি-খ্রিস্টান কাহিনির সঙ্গে পরিচিত ছিলেন বলে ধ্রুপদী সূত্রগুলো জানায়। একই চার প্রাণী, একই সিংহাসন, প্রায় বারোশো বছর ধরে তিনটি ধর্মের ভেতর দিয়ে চলে এসেছে।

এর দুটো পাঠ সম্ভব। বিশ্বাসী পাঠে বলা যায়, একই ঐশী সত্য বিভিন্ন নবীর কাছে বারবার প্রকাশ পেয়েছে। মানবীয় পাঠে বলা যায়, একটা শক্তিশালী মানসিক ছবি এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতিতে হাতবদল হয়েছে, যেভাবে গল্প আর প্রতীক সবসময় হাতবদল হয়। দ্বিতীয় পাঠের জন্য কোনো বাড়তি অনুমান লাগে না।

বিভিন্ন ধর্ম, বিভিন্ন যুগ, বিভিন্ন মহাদেশ, কিন্তু একই মৌলিক নকশা। এর সবচেয়ে সরল ব্যাখ্যা হলো, এদের পেছনে একটাই জিনিস কাজ করছে: সব জায়গার মানুষের একই রকম মস্তিষ্ক। আর বিস্তারিত পার্থক্যগুলো (কালো না সাদা, রাজা না যোদ্ধা) আসে প্রতিটা সমাজের নিজস্ব সংস্কৃতি থেকে।

পর্ব ৪: দর্শন — কল্পনার দেয়াল

মনোবিজ্ঞান যা পরীক্ষাগারে মেপেছে, দার্শনিকেরা অনেক আগেই তা যুক্তি দিয়ে আন্দাজ করেছিলেন।

৪.১ জেনোফেনিস: ঘোড়ার দেবতা ঘোড়ার মতো

ভূমিকায় যাঁর কথা বলেছি, সেই জেনোফেনিস (খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক) আরও লিখেছিলেন: মানুষ ভাবে দেবতাদের জন্ম হয়, তারা মানুষের মতো পোশাক পরে, তাদের কণ্ঠ আর শরীর আছে (Xenophanes, DK 21 B14)। তাঁর সময়ে এটা ছিল বৈপ্লবিক কথা। তিনি প্রথম স্পষ্ট করে বলেছিলেন, ঈশ্বরের ছবিটা ঈশ্বর সম্পর্কে যতটা বলে, তার চেয়ে বেশি বলে ছবি-আঁকিয়ে সম্পর্কে।

জেনোফেনিসের যুক্তিটা আজও খাটে। একটা গরু যদি তার ঈশ্বর কল্পনা করতে পারত, সেই ঈশ্বরের শিং হতো অসীম, আর তার স্বর্গ ভরা থাকত সবুজ ঘাসে। মানুষের ঈশ্বরের সিংহাসন আছে, বাহক আছে, দরবার আছে, কারণ মানুষ রাজা দেখেছে।

৪.২ হিউম: নিজের মতো করে সবকিছুকে ভাবা

স্কটিশ দার্শনিক ডেভিড হিউম লিখেছিলেন, মানুষের মধ্যে একটা সর্বজনীন প্রবণতা আছে: সব সত্তাকে নিজের মতো করে ভাবা, আর নিজের পরিচিত গুণগুলো প্রতিটা জিনিসে আরোপ করা। এই কারণেই আমরা চাঁদে মুখ দেখি, মেঘে সৈন্যবাহিনী দেখি। তিনি আরও বলেছেন, মানুষ তাদের দেবতাদের ভাবে শক্তিশালী আর অদৃশ্য কিন্তু আসলে মানুষেরই এক প্রজাতি হিসেবে, মানুষের সব আবেগ-বাসনা আর হাত-পা সমেত (Hume, The Natural History of Religion, 1757, Section III)।

হিউমের এই পর্যবেক্ষণ আড়াইশো বছর পরে গাথরি, ব্যারেট আর শিওটের গবেষণায় পরীক্ষাগারে সমর্থন পেয়েছে।

৪.৩ ফয়েরবাখ: ঈশ্বর মানুষের বড় করা প্রতিচ্ছবি

জার্মান দার্শনিক লুডভিগ ফয়েরবাখ আরেক ধাপ এগোলেন (Feuerbach, Das Wesen des Christentums, 1841)। তাঁর মতে, ঈশ্বরের গুণগুলো আসলে মানুষেরই সেরা গুণগুলো, সীমা থেকে মুক্ত করে বাইরে ছুড়ে দেওয়া। মানুষ জানে, তাই ঈশ্বর সর্বজ্ঞ। মানুষ ক্ষমা করে, তাই ঈশ্বর পরম ক্ষমাশীল। মানুষ দয়া করে, তাই ঈশ্বর পরম দয়ালু। মানুষ ক্ষমতা চায়, তাই ঈশ্বর সর্বশক্তিমান।

আল্লাহর নিরানব্বই নামের তালিকা পড়লে ফয়েরবাখের কথাটা চোখে পড়ে। রহমান, রহীম, আলীম, সামী, বাসীর, হাকীম, গাফুর, ওয়াদুদ: প্রতিটা নাম একটা মানবীয় গুণ, যার সামনে “পরম” বা “সব” যোগ করা হয়েছে।

৪.৪ স্পিনোজা: ত্রিভুজের ঈশ্বর

ওলন্দাজ দার্শনিক বারুখ স্পিনোজা এক চিঠিতে একটা বিখ্যাত উপমা দিয়েছিলেন (Spinoza, হুগো বক্সেলকে লেখা চিঠি, Letter 56, 1674)। তিনি লিখলেন, একটা ত্রিভুজ যদি কথা বলতে পারত, সে বলত ঈশ্বর সর্বোচ্চভাবে ত্রিভুজাকার; আর একটা বৃত্ত বলত, ঈশ্বরের স্বভাব সর্বোচ্চভাবে বৃত্তাকার। প্রত্যেকে নিজের গুণগুলোই ঈশ্বরে আরোপ করে, নিজেকেই ঈশ্বরের মতো বানায়, আর বাকিটা তার কাছে বিকৃত মনে হয়।

ইসলামি উৎস “আদম তাঁর আকৃতিতে সৃষ্ট” বলে মানুষকে ঈশ্বরের ছাঁচে বসায় (সহিহ মুসলিম ২৮৪১)। স্পিনোজার উপমা প্রশ্নটা উল্টে দেয়: মানুষকে ঈশ্বরের ছাঁচে বানানো হয়েছে, নাকি ঈশ্বরকে মানুষের ছাঁচে?

৪.৫ “না” বলতেও মানুষের বর্ণনা লাগে

এবার একটা সূক্ষ্ম কিন্তু শক্তিশালী পর্যবেক্ষণ। কুরআন আল্লাহ সম্পর্কে কিছু জিনিস অস্বীকার করে:

  • “তন্দ্রা বা ঘুম তাঁকে ছোঁয় না” (সূরা আল-বাকারা ২:২৫৫)
  • “ছয় দিনে আকাশ-পৃথিবী বানালাম, আর আমাদের কোনো ক্লান্তি ছোঁয়নি” (সূরা কাফ ৫০:৩৮)
  • “তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাঁকে জন্ম দেয়নি” (সূরা আল-ইখলাস ১১২:৩)
  • “তোমার প্রভু ভোলেন না” (সূরা মারইয়াম ১৯:৬৪)

একটু ভাবুন। যার শরীর নেই, তার ঘুম না আসার কথা আলাদা করে বলার দরকার কেন হলো? যে পাথর নয়, তাকে “ক্লান্ত হয় না” বলার প্রয়োজন কোথা থেকে এল? কারণ বক্তা আর শ্রোতা দুজনের মনেই একটা নমুনা ছিল: এমন এক সত্তা যে ঘুমায়, ক্লান্ত হয়, জন্ম দেয়, ভুলে যায়। মানে একজন মানুষ। ইবনে কাসীরসহ অনেক তাফসিরকার বলেছেন, ৫০:৩৮ আয়াতটা ইহুদিদের সেই দাবির জবাব যে ঈশ্বর ছয় দিনে সৃষ্টি শেষ করে সপ্তম দিনে বিশ্রাম নিয়েছিলেন (ইবনে কাসীর, তাফসীরুল কুরআনিল আযীম, ৫০:৩৮; তুলনীয় আদিপুস্তক ২:২–৩)। মানে জবাবটাও দেওয়া হচ্ছে ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়া এক মানবীয় ঈশ্বরের ছবির বিপরীতে।

মনোবিজ্ঞানী এলিনর রশ দেখিয়েছিলেন, মানুষ নতুন ধারণা তৈরি করে একটা পরিচিত নমুনা (prototype) নিয়ে, তারপর তাতে কিছু যোগ-বিয়োগ করে (Rosch, 1975)। ঈশ্বরের ধারণাও তাই: মানুষ, বিয়োগ ঘুম, বিয়োগ ক্লান্তি, বিয়োগ মৃত্যু, যোগ সর্বজ্ঞতা, যোগ সর্বশক্তি। কিন্তু যেখান থেকে শুরু, সেই নমুনাটা মানুষ। “না-বাচক ধর্মতত্ত্ব” (via negativa) আমাদের মানুষের ছাঁচ থেকে মুক্ত করে না। এটা আমাদের দেখায় ছাঁচটা ঠিক কোথায়।

৪.৬ যুক্তির তিনটা গিঁট

পরিশেষে, মানবরূপ আল্লাহর ধারণা তিন জায়গায় যুক্তির সঙ্গে আটকে যায়:

যৌগিকতা। যার ডান-বাম হাত, আঙুল, পা আছে, সে অংশ দিয়ে গড়া। অংশ দিয়ে গড়া জিনিস নিজে নিজে টেকে না, অংশগুলোর ওপর নির্ভর করে। তাহলে সেটা “অমুখাপেক্ষী” (আস-সামাদ, সূরা আল-ইখলাস ১১২:২) হয় কীভাবে? এই আপত্তি ইবনে সিনা আর অ্যাকুইনাস দুজনেই তুলেছিলেন (ইবনে সিনা, আল-ইলাহিয়্যাত মিনাশ-শিফা; Aquinas, Summa Theologiae I, q. 3)।

স্থান ও সীমা। যে আরশের ওপরে আছে আর রাতে নেমে আসে (সহিহ বুখারী ১১৪৫), তার একটা অবস্থান আছে। অবস্থান থাকা মানে কোথাও আছে, কোথাও নেই। তাহলে সে “সর্বত্র” কীভাবে?

আবেগ ও পরিবর্তন। “আজ এমন রাগ, যা আগে কখনো হয়নি” (সহিহ বুখারী ৪৭১২) মানে আল্লাহর অবস্থা বদলায়, আর বদলায় মানুষের কাজের প্রতিক্রিয়ায়। কিন্তু ধ্রুপদী ধর্মতত্ত্বে ঈশ্বর অপরিবর্তনীয়, কারণ যা বদলায় তা বাইরের কারণের অধীন। আশআরিরা এই সমস্যা সামলাতে রাগকে “শাস্তি দেওয়ার ইচ্ছা” হিসেবে ব্যাখ্যা করেছেন। আবারও রূপক, আবারও সংশোধন।

প্রতিটা ক্ষেত্রে নকশাটা এক: উৎসের মানবীয় ছবি যুক্তির সঙ্গে ঠোকর খায়, আর পরবর্তী ধর্মতত্ত্ব সেই ঠোকর সারাতে নতুন ব্যাখ্যা বানায়।

পর্ব ৫: কোন ব্যাখ্যাটা বেশি সরল?

এখন আমাদের হাতে দুটো সম্ভাব্য ব্যাখ্যা।

ব্যাখ্যা ১: এক অসীম, অতুলনীয় সত্তা মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে মানুষের ভাষা আর উপমা বেছে নিয়েছেন।

ব্যাখ্যা ২: মানুষের মন নিজের সমাজ আর সংস্কৃতির উপকরণ দিয়ে এক অদেখা ক্ষমতাধর সত্তার ছবি বানিয়েছে। তাই ছবিটা মানুষের মতো।

দুটোর মধ্যে বাছাই করার একটা ভালো উপায় হলো জিজ্ঞেস করা: কোন ব্যাখ্যা বাড়তি অনুমান ছাড়াই পর্যবেক্ষণগুলো মেলায়?

একটা পর্যবেক্ষণ আলাদা করে বলা দরকার, কারণ এটা পরীক্ষাযোগ্য। “আদম তাঁর আকৃতিতে” হাদিসটা আরও বলে, আদমের উচ্চতা ছিল ষাট হাত, আর তারপর থেকে মানুষ ক্রমাগত ছোট হয়ে আজকের আকারে এসেছে (সহিহ বুখারী ৩৩২৬; সহিহ মুসলিম ২৮৪১)। জীবাশ্ম আর প্রত্নতত্ত্বের প্রমাণ এর সঙ্গে মেলে না: প্রাচীন মানুষের কঙ্কাল আজকের মানুষের চেয়ে বিশাল কিছু ছিল না। মজার ব্যাপার, ইমাম ইবনে হাজার আসকালানী নিজেও এই হাদিসের একটা সমস্যা স্বীকার করেছেন: সামূদ জাতির মতো প্রাচীন জাতিদের ঘরবাড়ির যে চিহ্ন পাওয়া যায়, তা থেকে বোঝা যায় তাদের উচ্চতা আজকের মানুষের চেয়ে খুব বেশি ছিল না (ইবনে হাজার, ফাতহুল বারী, বুখারী ৩৩২৬-এর ব্যাখ্যা)। যে বর্ণনা ঈশ্বরের আকৃতির সঙ্গে মানুষের আকৃতিকে জোড়ে, তা মানুষের আকৃতি নিয়েই একটা ভুল দাবি করে বসে। এটা মানবীয় রচনার সঙ্গে ভালো মেলে।

আরশের বর্ণনাতেও একই নকশা। একদিকে আরশ শব্দটা কুরআনে মানুষ রাজার সিংহাসনের জন্য যে শব্দ, আল্লাহর জন্যও সেই শব্দ (সূরা আন-নামল ২৭:২৩, ২৭:২৬)। অন্যদিকে বাহক চার প্রাণীর ছবি ইসলামের আগের ধর্মগ্রন্থেই ছিল (পর্ব ৩.৫)। ব্যাখ্যা ১ দিয়ে এটাকে “আগের ওহির ধারাবাহিকতা” বলা যায়, তবে তার জন্য আলাদা একটা যুক্তি লাগে। ব্যাখ্যা ২ এটা আগে থেকেই আন্দাজ করে: মানুষ ক্ষমতা কল্পনা করে নিজের দেখা রাজদরবার দিয়ে, আর ভালো ছবি এক ধর্ম থেকে আরেক ধর্মে চলে যায়।

তাহলে দাঁড়াল কী? ব্যাখ্যা ১ প্রায় প্রতিটা পর্যবেক্ষণের সঙ্গে মেলানো যায়, কিন্তু প্রতিবার আলাদা একটা বাড়তি যুক্তি জুড়ে। ব্যাখ্যা ২ প্রতিটা পর্যবেক্ষণ আগে থেকেই আন্দাজ করে, কোনো বাড়তি যুক্তি ছাড়া। চতুর্দশ শতকের দার্শনিক উইলিয়াম অব অকামের নামে প্রচলিত নীতিটা এখানে খাটে: প্রয়োজনের বেশি অনুমান যোগ কোরো না।

আবার মনে করিয়ে দিই এই সিদ্ধান্তের সীমা। এটা প্রমাণ করে না যে কোনো স্রষ্টা নেই। এমন হতেই পারে যে কোনো অসীম সত্তা আছেন। এই বিশ্লেষণ যা দেখায় তা হলো: কুরআন ও হাদিসে আল্লাহর যে নির্দিষ্ট ছবি, তার গায়ে মানুষের মনের আঙুলের ছাপ স্পষ্ট। আর সেই ছাপের সবচেয়ে সরল ব্যাখ্যা হলো, ছবিটা মানুষের মন দিয়ে আঁকা।

উপসংহার: আয়নার ওপাশে

শুরুর সেই বাচ্চাটার কাছে ফিরে যাই। সে আল্লাহকে আঁকতে পারেনি, কিন্তু মনে মনে ঠিকই এঁকেছিল: ওপরে, সিংহাসনে, রাগ করেন, খুশি হন, শোনেন। সে কোনো ভুল করেনি। সে ঠিক তা-ই করেছে, যা মানুষের মস্তিষ্ক লক্ষ বছরের বিবর্তনে করতে শিখেছে: অদেখা শক্তির পেছনে একজন কেউ খোঁজা, আর সেই কেউকে নিজের মতো করে ভাবা।

ধর্মগ্রন্থগুলো সেই একই মস্তিষ্কের লেখা বা সেই মস্তিষ্কের জন্য লেখা। তাই সেখানেও আল্লাহর চোখ আছে, যা দাজ্জালের মতো কানা নয়; দুই হাত আছে, একটা ডান আর একটা বাম; পা আছে, যা জাহান্নাম ভরিয়ে দেয়; মেজাজ আছে, যা কোনো একদিন আগের সব দিনের চেয়ে বেশি চড়ে যায়।

পরের যুগের দার্শনিক-ধর্মতাত্ত্বিকেরা এই ছবিকে বিমূর্ত করতে চেয়েছেন। কিন্তু তাঁরাও শেষ পর্যন্ত মানুষের শরীরের বদলে মানুষের সমাজ, মানুষের অঙ্গের বদলে মানুষের অভিজ্ঞতা বসিয়েছেন। মানুষের মন যতদূর যেতে পারে, ঈশ্বরের ধারণাও ততদূর যায়। তার বাইরে নয়।

জেনোফেনিস আড়াই হাজার বছর আগে বলেছিলেন, ঘোড়ার যদি হাত থাকত, তার দেবতা হতো ঘোড়ার মতো। আধুনিক মনোবিজ্ঞান সেই কথাটাকে পরীক্ষাগারে মেপে দেখেছে, আর একমত হয়েছে।

হয়তো সহিহ বুখারীর সেই হাদিসটাই এই বিষয়ে সবচেয়ে সত্যি কথাটা বলে ফেলেছে, যদিও তার বক্তা হয়তো অন্য অর্থে বলেছিলেন: “আমি আমার বান্দার ধারণা অনুযায়ী।” (সহিহ বুখারী ৭৪০৫)

তথ্যসূত্র

হাদিসের নম্বর আন্তর্জাতিক ধারাবাহিক নম্বর অনুযায়ী (বুখারী: ফাতহুল বারী; মুসলিম: মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকী)।

কুরআন

সূরা আল-ফাতিহা ১:৭; আল-বাকারা ২:১৫, ২:২১০, ২:২৫৫; আলে ইমরান ৩:৫৪; আল-মায়িদাহ ৫:৫৪, ৫:৬৪; আল-আরাফ ৭:৫৪; আত-তাওবা ৯:৬৭; হূদ ১১:৭, ১১:৩৭; ইউসুফ ১২:১০০; মারইয়াম ১৯:৬৪; তা-হা ২০:৫, ২০:৩৯; আন-নামল ২৭:২৩, ২৭:২৬, ২৭:৩৮; আল-কাসাস ২৮:৮৮; ফাতির ৩৫:৪১; ইয়াসীন ৩৬:৮২; সাদ ৩৮:৭৫; আয-যুমার ৩৯:৬৭, ৩৯:৭৫; গাফির/আল-মুমিন ৪০:৭; আশ-শূরা ৪২:১১; কাফ ৫০:১৮, ৫০:৩৮; আত-তূর ৫২:৪৮; আর-রহমান ৫৫:২৭; আল-কলম ৬৮:৪২; আল-হাক্কাহ ৬৯:১৭; আল-ইনফিতার ৮২:১০–১১; আল-ফাজর ৮৯:২২; আল-ইখলাস ১১২:২–৩।

হাদিস ও মান

সূত্রবিষয়মান
সহিহ বুখারী ৭৪০৭“আল্লাহ এক-চোখা নন”, চোখের দিকে ইশারাসহিহ
সহিহ বুখারী ৭৪১১; সহিহ মুসলিম ৯৯৩হাত পূর্ণ, অন্য হাতে দাঁড়িপাল্লাসহিহ
সহিহ মুসলিম ২৭৮৮আকাশ ডান হাতে, পৃথিবী বাম হাতেসহিহ
সহিহ মুসলিম ২৬৫৪; জামে তিরমিযী ২১৪০হৃদয় দয়াময়ের দুই আঙুলের মাঝেসহিহ (তিরমিযী ২১৪০: আলবানীর মতে সহিহ)
সহিহ বুখারী ৪৮৫০; সহিহ মুসলিম ২৮৪৬জাহান্নামে পা রাখাসহিহ
সহিহ বুখারী ৭৪৩৯; সহিহ মুসলিম ১৮৩অন্য আকৃতিতে আগমন, নলা উন্মুক্ত করাসহিহ
সহিহ বুখারী ৬২২৭, ৩৩২৬; সহিহ মুসলিম ২৮৪১আদম তাঁর আকৃতিতে, ষাট হাতসহিহ
সহিহ বুখারী ১১৪৫; সহিহ মুসলিম ৭৫৮রাতের শেষ তৃতীয়াংশে নেমে আসাসহিহ
সহিহ বুখারী ৭৪০৫; সহিহ মুসলিম ২৬৭৫“আমি বান্দার ধারণা অনুযায়ী”, দৌড়ে আসাসহিহ
সহিহ বুখারী ৩৮০৩; সহিহ মুসলিম ২৪৬৬সাদ ইবনে মুআযের মৃত্যুতে আরশ কেঁপে ওঠাসহিহ
সহিহ বুখারী ৪৭১২; সহিহ মুসলিম ১৯৪“আজ এমন রাগ যা আগে কখনো করেননি”সহিহ
সহিহ বুখারী ২৮২৬; সহিহ মুসলিম ১৮৯০আল্লাহর হাসিসহিহ
সহিহ বুখারী ৬৩০৯; সহিহ মুসলিম ২৭৪৭তওবায় খুশি, হারানো উটের উপমাসহিহ
সহিহ বুখারী ৩০১০আল্লাহর বিস্ময়সহিহ
সহিহ বুখারী ৫২২৩; সহিহ মুসলিম ২৭৬১আল্লাহর গাইরাহসহিহ
সহিহ বুখারী ৪৬৩৪; সহিহ মুসলিম ২৭৬০প্রশংসা আল্লাহর সবচেয়ে প্রিয়সহিহ
সহিহ বুখারী ৭৪২৩ফিরদাউসের ওপরে দয়াময়ের আরশসহিহ
জামে তিরমিযী ৩২৩৫তন্দ্রায় আল্লাহকে দেখা, ওপরের দরবারের তর্ক, বুকে আঙুলের শীতলতাতিরমিযী: হাসান সহিহ; আলবানী ও আহমদ শাকির: সহিহ
সুনান আবু দাউদ ৪৭২৭আরশ বহনকারী ফেরেশতার আকারআলবানীর মতে সহিহ
আল-হাকিম, আল-মুসতাদরাক ২/২৮২“কুরসী দুই পায়ের স্থান”ইবনে আব্বাসের উক্তি (মাওকুফ), হাকিম ও যাহাবীর মতে সহিহ; মুহাম্মদের নামে বর্ণনা সঠিক নয় (ইবনে কাসীর)
মুসনাদ আহমাদ ২৩১৪; সুনান আদ-দারিমী ২৭৪৫উমাইয়া ইবনে আবিস সালতের কবিতা: মানুষ, ষাঁড়, ঈগল ও সিংহ আরশের নিচে; মুহাম্মদ বললেন “সে সত্য বলেছে”মতভেদপূর্ণ: ইবনে কাসীর “জাইয়িদ”, আহমদ শাকির সহিহ; ইবনে ইসহাকের আনআনার কারণে অনেকের মতে যঈফ
বাইহাকী, আল-আসমা ওয়াস-সিফাত ২/২০৬ইবনে আব্বাস থেকে: কুরসী বহন করে মানুষ, সিংহ, ষাঁড় ও ঈগলের আকৃতির চার ফেরেশতাএই নির্দিষ্ট বর্ণনার আলাদা মান পাওয়া যায়নি
সুনান আবু দাউদ ৪৭২৩; সুনান ইবনে মাজাহ ১৯৩; জামে তিরমিযী ৩৩২০আওয়ালের হাদিস: সপ্তম আকাশের ওপরে সাগর, আটটি পাহাড়ি ছাগলের পিঠে আরশযঈফ (আলবানী; দারুসসালাম)। প্রমাণ হিসেবে ব্যবহৃত নয়

তাফসির ও কালাম

  • ইবনে জারীর আত-তাবারী, জামিউল বায়ান, সূরা আল-কলম ৬৮:৪২-এর তাফসির।
  • ইবনে কাসীর, তাফসীরুল কুরআনিল আযীম ৭/১৩০ (আরশ বহনকারীর সংখ্যা: এখন চার, কিয়ামতে আট) এবং সূরা কাফ ৫০:৩৮-এর ব্যাখ্যা।
  • ইবনে হাজার আল-আসকালানী, ফাতহুল বারী শারহু সহিহিল বুখারী, হাদিস ৩৩২৬-এর ব্যাখ্যা।
  • ইবনে সিনা, আল-ইলাহিয়্যাত মিনাশ-শিফা।
  • ইবনে তাইমিয়া, শারহু হাদীসিন নুযূল এবং আর-রিসালা আল-আরশিয়্যা।

দর্শন

  • Xenophanes, fragments DK 21 B14, B15, B16; দেখুন Lesher, J. H., “Xenophanes”, Stanford Encyclopedia of Philosophy.
  • Hume, D. (1757). The Natural History of Religion, Section III.
  • Feuerbach, L. (1841). Das Wesen des Christentums (ইংরেজি: The Essence of Christianity, অনু. George Eliot, 1854).
  • Spinoza, B. (1674). Letter 56, to Hugo Boxel.
  • Thomas Aquinas, Summa Theologiae, I, q. 3.
  • Wittgenstein, L. (1953). Philosophical Investigations, §43.

মনোবিজ্ঞান ও জ্ঞানীয় বিজ্ঞান

  • Barrett, J. L. (2000). Exploring the natural foundations of religion. Trends in Cognitive Sciences, 4(1), 29–34.
  • Boyer, P. (2001). Religion Explained: The Evolutionary Origins of Religious Thought. Basic Books.
  • Guthrie, S. E. (1993). Faces in the Clouds: A New Theory of Religion. Oxford University Press.
  • Kirkpatrick, L. A. (2005). Attachment, Evolution, and the Psychology of Religion. Guilford Press.
  • Rosch, E. (1975). Cognitive representations of semantic categories. Journal of Experimental Psychology: General, 104(3), 192–233.
  • Schjoedt, U., Stødkilde-Jørgensen, H., Geertz, A. W., & Roepstorff, A. (2009). Highly religious participants recruit areas of social cognition in personal prayer. Social Cognitive and Affective Neuroscience, 4(2), 199–207.
  • Shtulman, A. (2008). Variation in the anthropomorphization of supernatural beings and its implications for cognitive theories of religion. Journal of Experimental Psychology: Learning, Memory, and Cognition, 34(5), 1123–1138.
  • Shtulman, A., & Lindeman, M. (2016). Attributes of God: Conceptual foundations of a foundational belief. Cognitive Science, 40(3), 635–670.

অন্যান্য ধর্মগ্রন্থ

  • বাইবেল: আদিপুস্তক ১:২৭, ২:২–৩, ৩:৮; দানিয়েল ৭:৯; যিহিষ্কেল ১:১০, ১:২৬; প্রকাশিত বাক্য ৪:৬–৭।
Posted in ,

Leave a Reply